ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

কথা কাটাকাটির জেরে একই পরিবারের নারী-শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১০ পিএম

কথা কাটাকাটির জেরে একই পরিবারের নারী-শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই শটগানের গুলিতে বিদ্ধ হয়েছেন। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মিজান খান নামের এক যুবক হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় হারুন খান ও তার ভাতিজা মান্নান খান তাকে রাতে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হারুন ও তার সহযোগীরা মিজানকে মারধর করেন।

মিজান রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে বিষয়টি জানালে তার বাবা খোরশেদ খান ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের গালিগালাজ করেন। এর কিছুক্ষণ পরই হারুন ও মান্নান ১০-১৫ জন লোক নিয়ে মিজানদের বাড়িতে হামলা চালায় এবং শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

হামলায় মিজান খানের পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে রয়েছেন মিজানের বাবা খোরশেদ খান, মা মিনু বেগম, দুই শিশু ভাতিজা আয়ান ও মোস্তাকিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার পাল জানান, আহত ১৩ জনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের স্বজনদের অভিযোগ, হারুন ও মান্নান এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হেলমেট পরা কাউকে দেখলে পুলিশ ভেবে আতঙ্কিত হন, তাই এলাকায় কাউকে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে দেন না। হামলার পর তারা আহতদের হাসপাতালে নিতেও বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, হামলার ঘটনায় অভিযুক্ত হারুন, মান্নান ও মহসিনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি বৈধ হলেও সেগুলো দিয়ে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!