ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, নারীসহ আহত ৪

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:৪৪ পিএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, নারীসহ আহত ৪

সাভারে এক নারীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এ সময় ওই নারী ও তাঁর বাবাসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এই হামলার ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত শাহাদাত হোসেন (৪৫) সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি ব্যাংক টাউন এলাকার মৃত হাজী মাসুদ খানের ছেলে। হামলায় অন্য আহতরা হলেন, ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮), তাঁর বাবা মকমেল (৫০) এবং রিয়া মনির স্বামী ও ভাই। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী নারী রিয়া মনি জানান, তিনি একটি বোতল কারখানায় চাকরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় কয়েকজন যুবক তাঁকে উত্ত্যক্ত করে। বিষয়টি তিনি স্থানীয় বড় ভাই শাহাদাত হোসেনকে জানান। শাহাদাত হোসেন ওই যুবকদের ইভটিজিং করতে নিষেধ করেন এবং সবাইকে নিয়ে বাসার দিকে রওনা হন।

পথিমধ্যে আইয়ুব খান ও তাঁর ছেলে আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমিন ছুরি দিয়ে শাহাদাত হোসেনের মাথায় আঘাত করে। বাধা দিতে গেলে রিয়া মনি ও তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।

অভিযুক্ত আইয়ুব খান হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তিনি শুনেছেন তাঁর ছেলেকে মারধর করা হচ্ছে, তাই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে কাউকে মারেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!