বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট-চুনখোলা সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। পথিমধ্যে পানহাট খোলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোঁড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শেখ সোহাগ উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামের দাউদ শেখের ছেলে।
মোল্লাহাটে স্বল্প সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের দোকানের কর্মচারী নুর ইসলামকেও (২৭) লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়েছিল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। একই জায়গায় মালিক ও কর্মচারীর ওপর ধারাবাহিকভাবে এই হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
একজন প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীকে এভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :