শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন) জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়।
এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল "অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ"। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে যুক্তি-তর্কের জমজমাট বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতির কুফল নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক ও মডারেটরের প্যানেলে ছিলেন স্থানীয় শিক্ষাবিদেরা।
মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মঈন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি যেকোনো দেশের টেকসই উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের প্রধান অন্তরায়। একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিজেদের জীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের বাস্তব চর্চা করতে হবে। কেবল আইন দিয়ে নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্বে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় বইসহ মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :