ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
Daily Global News

বজ্রপাতে ৩ ছাত্রসহ চার জেলায় ৮ জনের মৃত্যু

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৯:৪২ পিএম

বজ্রপাতে ৩ ছাত্রসহ চার জেলায় ৮ জনের মৃত্যু

সারা দেশে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের পৃথক ঘটনায় মাদ্রাসা ছাত্র ও কৃষকসহ অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) বিকেলে ও সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী, ঢাকার সাভার, নেত্রকোণা এবং জামালপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতে মাগরিবের নামাজের অজু করার সময় ৩ মাদ্রাসা ছাত্র এবং সাভারে জমিতে কাজ করার সময় ৩ কৃষকের মৃত্যু হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার তিন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্ররা হলো, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার পুকুর বা অজুখানায় অজু করার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ৪ ছাত্র গুরুতর জখম হয়। তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। শিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত অপর ছাত্রকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার: ঢাকার সাভারে ফসলি জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুটি ব্যাপারী (৩৫), দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, বিকেলে কোন্ডা এলাকার একটি মাঠে তারা তিনজন কৃষিকাজ করছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই কুটি ব্যাপারী ও দুলাল মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর তালুকদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার বারহাট্টা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, বাড়ির পেছনের ফাঁকা মাঠে গরু চড়াচ্ছিলেন জাহাঙ্গীর। বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ উজ্জামান জানান, বিকেলে মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!