ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Daily Global News

কক্সবাজারে প্রাণঘাতী প্যারাসেলিং: অবিলম্বে বন্ধ ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০১:০৫ পিএম

কক্সবাজারে প্রাণঘাতী প্যারাসেলিং: অবিলম্বে বন্ধ ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রমের জন্য একটি নিশ্ছিদ্র নিরাপত্তা কাঠামো প্রণয়নের জোর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা জনস্বার্থে এই নোটিশটি প্রেরণ করেন। নোটিশে গত ১ আগস্ট হিমছড়ির দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি তুলে ধরে বলা হয়েছে, এটি পর্যটকদের নিরাপত্তার জন্য চরম হুমকির একটি সুস্পষ্ট ইঙ্গিত এবং স্থানীয় প্রশাসন কোনোভাবেই এই গাফিলতির দায় এড়াতে পারে না।

নোটিশে অভিযোগ করা হয়েছে, কক্সবাজার সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কোনো ধরনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর এবং মানসম্মত যন্ত্রপাতি ছাড়াই দিনের পর দিন প্যারাসেলিং পরিচালনা করছে।

একাধিক দুর্ঘটনা ঘটার পরও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের চরম অভাব পরিলক্ষিত হয়েছে। সাম্প্রতিক এই প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কথায় স্পষ্ট হয়েছে যে, সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানের প্যারাসেলিং পরিচালনার কোনো বৈধ অনুমোদনই ছিল না।

প্রশাসন দাবি করেছে যে, পর্যটক ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্বে থাকলেও দুর্ঘটনাটি তাদের অগোচরে ঘটেছে। তবে নোটিশে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, প্রশাসনের তদারকির দায়িত্ব থাকা সত্ত্বেও এ ধরনের অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকা মূলত প্রশাসনিক ব্যর্থতারই নগ্ন প্রমাণ, যা পর্যটকদের নিরাপত্তাকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

প্রেরিত এই লিগ্যাল নোটিশে মোট আটটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:- কক্সবাজারে পরিচালিত সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই করা এবং সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা।

এছাড়া দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ট্যুরিস্ট পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে আরও সতর্কতা নিশ্চিত করা, নিহত পর্যটকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দরিয়ানগরের ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানানো হয়েছে।

এর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের রোমাঞ্চকর পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করে তা কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে, অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা আইনজীবী।

ডিজিএন/এনএস

banner
Link copied!