ইরান যুদ্ধের উত্তাপে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার যখন দিশেহারা, ঠিক তখনই এক অভাবনীয় ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল রেখেই রুশ তেল কেনার ক্ষেত্রে কিছুটা নমনীয় হয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, সাগরে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ সময়সীমা বা লাইসেন্স প্রদান করা হয়েছে।
এই অনুমতি কেবল সেইসব রুশ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা গত ১২ মার্চের আগে জাহাজে বোঝাই করা হয়েছে। এই বিশেষ লাইসেন্স আগামী ১১ এপ্রিল ওয়াশিংটন সময় মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ স্থবির হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এই অস্থিতিশীলতা কাটাতেই যুক্তরাষ্ট্র তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার তেলের ওপর থেকে সাময়িকভাবে কড়াকড়ি কমাল। তবে ট্রেজারি সেক্রেটারি দাবি করেছেন, “এই সিদ্ধান্তের ফলে রুশ সরকার বড় ধরনের কোনো আর্থিক সুবিধা পাবে না; এটি মূলত বিশ্ববাজার স্থিতিশীল করার একটি কৌশল।”
তেলের দাম কমাতে কেবল রুশ তেলের ওপর ছাড় দেওয়াই নয়, মার্কিন জ্বালানি বিভাগ তাদের ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিশ্রুতি দেওয়া ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনার একটি অংশ।
এর আগে ৫ মার্চ শুধুমাত্র ভারতের জন্য এমন ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন সেই সুযোগ অন্যান্য দেশের জন্যও উন্মুক্ত করা হলো। এর ফলে এশীয় জলসীমায় ভাসমান কয়েক মিলিয়ন ব্যারেল রুশ তেল দ্রুত কিনতে শুরু করেছে ভারতীয় ও অন্যান্য শোধনাগারগুলো।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে, হামলা বন্ধ না হলে তারা পারস্য উপসাগর থেকে সব ধরনের তেলের চালান বন্ধ করে দেবে। এমন পরিস্থিতির মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: দি ইকোনমিক টাইমস


আপনার মতামত লিখুন :