ট্রাম্প ঝড় যেন থামছেই না, ইরানকে ঘিরে এবার আরও কঠোর অবস্থানে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চালিয়ে যাবে, তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার জারি করা আদেশে নির্দিষ্ট হারে শুল্কের কথা উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা গ্রহণ করবে, তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক বসতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এর আগে জানুয়ারিতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান জাতীয় জরুরি অবস্থাকে পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান-উৎপত্তির তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত ১৫টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরান এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।


আপনার মতামত লিখুন :