ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে মার্কিন সমর্থন হারানোর শঙ্কায় জেলেনস্কি

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০৩ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে মার্কিন সমর্থন হারানোর শঙ্কায় জেলেনস্কি

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ইউক্রেনের জন্য মার্কিন সমর্থন কমে যেতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশঙ্কা করছেন, বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হওয়ায় ইউক্রেন যুদ্ধ থেকে ওয়াশিংটন তার মনোযোগ সরিয়ে নিতে পারে।

রোববার (১৫ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে জেলেনস্কি জানান, ড্রোন হামলা প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে, তা যুক্তরাষ্ট্র ও মিত্রদের সাথে বিনিময় করতে কিয়েভ প্রস্তুত। ইউক্রেন যুদ্ধের ময়দানে ইরানি ড্রোনের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাকে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি বলেন, “আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছি। আমাদের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা সেখানে কার্যকরী হতে পারে।”

মার্কিন প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ জানিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, “আমরা আশা করি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। ইউক্রেনের স্বাধীনতা রক্ষা ও রাশিয়ার আগ্রাসন রুখতে মার্কিন সমর্থন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।”

২০২২ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রধান সামরিক ও আর্থিক সহায়তাকারী। তবে বর্তমানে ইরান-ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় এবং যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি সামরিক সম্পৃক্ততা বাড়ানোয় জেলেনস্কি মনে করছেন, মার্কিন বাজেট ও সামরিক সরঞ্জামের বড় অংশ এখন মধ্যপ্রাচ্যের দিকে চলে যেতে পারে।

ডিজিএন/এনএস

banner
Link copied!