ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৪৬ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ মার্চ) রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এই বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশে তল্লাশি চালানো হয়। সেখানে সন্দেহজনক অবস্থায় ফেলে রাখা মালামাল উদ্ধার করে বিজিবি।

উদ্ধারকৃত মালামাল তল্লাশি করে ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট পাওয়া যায়। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দ করা এই চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ৪১ হাজার টাকা।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

উদ্ধার করা মালামাল জব্দ করে বর্তমানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!