ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

ওসমান হাদি হত্যা মামলা: ভারতে আরও এক বাংলাদেশী গ্রেফতার

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:২৪ পিএম

ওসমান হাদি হত্যা মামলা: ভারতে আরও এক বাংলাদেশী গ্রেফতার

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলায় পশ্চিমবঙ্গে আরও এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুর থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে আটক করে।

এসটিএফ-এর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফিলিপ সাংমা।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল ও আলমগীর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফিলিপ সাংমা নামের এক বাংলাদেশী নাগরিক তাদের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। ফয়সাল ও আলমগীরকে পার করার পর ফিলিপ সাংমা নিজেও অবৈধভাবে ভারতে চলে আসেন।

এই তথ্যের ভিত্তিতে এসটিএফ শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকালে ফিলিপ সাংমাকে আটক করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন যে তিনি অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারের দালালের কাজ করেন। তিনি বাংলাদেশের হালুয়াঘাট থেকে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত হয়ে অবৈধভাবে অনুপ্রবেশে লোকজনকে সাহায্য করে থাকেন। তিনি ফয়সাল ও আলমগীরকেও একইভাবে সীমান্ত পেরোতে সাহায্য করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

বাংলাদেশে ওসমান হাদি হত্যার পর পুলিশের চাপ বাড়তে থাকায় ফিলিপ সাংমা নিজেও ভারতে চলে আসেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিলেন। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই ধরা পড়েন।

শনিবারই তাকে স্থানীয় আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!