ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
Daily Global News
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার শঙ্কা

ইরানে টানা দুই সপ্তাহের হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:৫৮ এএম

ইরানে টানা দুই সপ্তাহের হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা মার্কিন বিমান হামলা হঠাৎ করেই গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। মূলত ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করতে ব্যবহৃত ‍‍`ইন্টারসেপ্টর মিসাইল‍‍` ফুরিয়ে যাওয়ার গভীর শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের রোববারের (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ইন্টারসেপ্টর মিসাইলের মজুত তলানিতে নেমে আসার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করা হবে। কিন্তু শীর্ষ উপদেষ্টাদের সাথে ওই রুদ্ধদ্বার বৈঠকের পরই বড় ধরনের হামলা চালানোর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মার্কিন প্রশাসন। ফলশ্রুতিতে গত শুক্রবার ও শনিবার রাতে ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে মত দেন যে, যুক্তরাষ্ট্র চাইলে অনায়াসেই ইরানের ওপর বড় আকারের হামলা চালাতে সক্ষম। কিন্তু এর পরিণতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষার জন্য মজুত থাকা ইন্টারসেপ্টর মিসাইলগুলো দ্রুত শেষ হয়ে যেতে পারে, যা তাদের বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে।

কেবল সামরিক শঙ্কা নয়, রাজনৈতিক কৌশলগত দিক থেকেও মার্কিন প্রশাসন এখন দোটানায় পড়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, লাগাতার তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার যে কৌশল তারা নিয়েছিলেন, তা নিয়েও খোদ প্রশাসনে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, মার্কিন এই সামরিক আগ্রাসন ইরানকে দুর্বল করার বদলে উল্টো দেশটির জনগণকে একটি অভিন্ন বিদেশি হুমকির বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তাই আপাতত ইরানের ওপর নতুন করে বোমাবর্ষণ থেকে বিরত রয়েছেন মার্কিনিরা। 

ডিজিএন/এনএস

banner
Link copied!