ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণার মাধ্যমে নতুন করে বৈশ্বিক উত্তেজনা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোকেও চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে।
বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন এক কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে, যা এর আগে বিশ্বের কোনো দেশের বিরুদ্ধেই নেওয়া হয়নি।
পোস্টে ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত এবং তাদের সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া দেশটির মুদ্রার মানও ব্যাপকভাবে ধসে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইরানকে সহায়তাকারী দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানকে কোনোভাবে সমর্থন করলে সেই দেশগুলোকেও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। তবে ঠিক কোন কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
নিজের এই নতুন উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে একঘরে করে ফেলতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানান তিনি। ট্রাম্পের দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপগুলো ইরানকে এবং বিশ্বজুড়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেবে।
পোস্টের শেষে তিনি আরও একবার জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :