ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১২:৫৫ পিএম

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি, তার স্ত্রী স্টেফানি হলিহান এবং পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কেনিয়ার সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, ওই হেলিকপ্টারে করে আরোহীরা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে ধোঁয়া উড়ছে এবং কেনিয়া রেড ক্রসের কর্মীরা জ্বলন্ত ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনায় নিহত মার্কিন নাগরিকদের মধ্যে হোসে আলবের্তো সুয়ারেজ নামের এনবিসিইউনিভার্সালের একজন সাংবাদিক রয়েছেন। তবে বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

৪৪ বছর বয়সী মিশেল সেনসি-কন্তুজি ২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে সরকারের পক্ষ থেকে এই গোয়েন্দাপ্রধানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!