সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফেল)। তবে সংস্থাটি ভবিষ্যতের জন্য ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করা এবং নির্বাচনী ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছে।
আজ রোববার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন আনফেল-এর প্রধান রোহানা এন হেতিয়ারাচ্চি।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। সার্বিকভাবে এই নির্বাচন একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে।”
নির্বাচনের সামগ্রিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করলেও কিছু জায়গায় উন্নতির অবকাশ রয়েছে বলে মনে করে আনফেল। হেতিয়ারাচ্চি বলেন, “নির্বাচন বিশ্বাসযোগ্য হলেও আমরা সুপারিশ করছি যেন ভবিষ্যতে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা হয়। পাশাপাশি প্রতিটি প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত হয়।”
নির্বাচন কমিশনের দক্ষতা ও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার ফলে বড় ধরনের কোনো বিচ্যুতি ছাড়াই ভোট গ্রহণ শেষ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে এই সংস্থাটি। এই পর্যবেক্ষণ প্রতিবেদনটি নতুন সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :