ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

শ্রীলঙ্কার উপকূলে ইরানের জাহাজ ডুবি: নিখোঁজ অন্তত ১৪০

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:২৯ পিএম

শ্রীলঙ্কার উপকূলে ইরানের জাহাজ ডুবি: নিখোঁজ অন্তত ১৪০

শ্রীলঙ্কার উপকূলে মাঝসমুদ্রে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোরে ইরানের নৌ-জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে বিপৎসংকেত পাওয়ার পর ৩২ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তবে এখনো অন্তত ১৪০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ জানিয়েছেন, জাহাজটি যে স্থানে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে থাকলেও তাদের ‘অনুসন্ধান ও উদ্ধার’ এলাকার অন্তর্ভুক্ত ছিল। আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী সাড়া দিয়ে তারা দ্রুত অভিযানে নামে।

মুখপাত্র বলেন, “অভিযান শুরুর সময় আমরা জাহাজটিকে দেখতে পাইনি, তবে সমুদ্রে তেলের স্তর এবং ভাসমান লাইফ র‍্যাফট দেখতে পাই। সেখান থেকে আমরা ৩২ জনকে উদ্ধার করি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইরানের নৌ-জাহাজের সদস্য।”

জাহাজের নথি অনুযায়ী, দুর্ঘটনার সময় সেটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সম্পথ থুইয়াকোন্থা বিবিসি সিংহলাকে জানিয়েছেন, ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ১৪০ জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন।

জাহাজটি ডুবির কারণ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‘সাবমেরিন হামলার’ কথা বলা হলেও শ্রীলঙ্কা নৌবাহিনী তা প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বুধিকা সম্পথ বিবিসিকে জানিয়েছেন, জাহাজটি ডোবার সঠিক কারণ এখনো অজানা এবং তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সামরিক বাহিনী কোনো প্রকার হামলার প্রমাণ পায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে মাঝসমুদ্রে ইরানের এই নৌ-জাহাজ ডুবির ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!