ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০২:১৯ পিএম

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এবার কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি ‘আল-উবেইদ’-এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা সম্ভব হলেও দ্বিতীয়টি আল-উবেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে।

আল-উবেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত এবং এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি ঘাঁটিতে আঘাত করলেও এখন পর্যন্ত কোনো মানুষের প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার ফলে ঘাঁটির ভেতরে কোনো বস্তুগত বা যান্ত্রিক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই হামলার পর কাতার সশস্ত্র বাহিনী এক বার্তায় জানিয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পূর্ণ সক্ষমতা রাখে এবং যেকোনো বাহ্যিক হুমকির দাঁতভাঙা জবাব দিতে সদা প্রস্তুত। একইসঙ্গে নাগরিকদের গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর আস্থা রাখতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গত চার দিনে ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সম্পদ ও ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। সৌদি আরব ও কুয়েতের পর এবার কাতারও এই সরাসরি হামলার শিকার হলো।

ডিজিএন/এফএ

banner
Link copied!