ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:১৬ এএম

আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে সৃষ্ট জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ করে যেসব যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে চলেছে, তাদের এই ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।

ইউএস-বাংলা জানিয়েছে, প্রথম বিশেষ ফ্লাইটটি আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

দ্বিতীয় ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ে যাবে এবং সেখানে থেকে স্থানীয় সময় রাত ১০টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অনেক বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন। বিশেষ করে ট্রানজিট যাত্রী এবং যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তারা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া এই রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদে ও দ্রুত দেশে ফিরিয়ে আনতেই এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!