চুয়াডাঙ্গার জীবননগরে স্বেচ্ছাসেবক দলের হামলায় নিহত হাফিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ মার্চ) বিকেলে জীবননগর উপজেলা কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং ঘটনার দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ জানান, গত ২৮ ফেব্রুয়ারির হামলার ঘটনায় জীবননগর এলাকায় এখনো তীব্র উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক প্ররোচনা রয়েছে।
সম্মেলনে নেতৃবৃন্দ তিনটি প্রধান দাবি তুলে ধরেন, হামলার নেপথ্য কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার। তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। আহতদের সুচিকিৎসা এবং নিহতের পরিবারের জন্য রাষ্ট্রীয় মানবিক সহায়তা প্রদান।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তই এখন সময়ের দাবি। আমরা চাই প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক মো. হারুনুর রশিদ এবং পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :