মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে গিয়েছিল।
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশপথ স্থবির হয়ে পড়ায় কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী দুবাই বিমানবন্দরে আটকা পড়েন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তারা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন। এমন সংকটময় মুহূর্তে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি নির্দিষ্ট এয়ারলাইন্সকে এই বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশসীমা বন্ধের কারণে এভিয়েশন খাতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার মধ্যে এই বিশেষ ফ্লাইটগুলো প্রবাসীদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। গতকাল পর্যন্ত গত ৫ দিনে ঢাকা থেকে ১৭৩টি ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এই উদ্যোগের ফলে তা কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :