ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

‘নিজেকে ছোট না ভেবে গড়ে তোলো, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়বে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৩ পিএম

‘নিজেকে ছোট না ভেবে গড়ে তোলো, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়বে’

‘নিজেকে ছোট না ভেবে নিজেকে গড়ে তোলো, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে’—নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের প্রতি এমনই অনুপ্রেরণাদায়ী আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দেশের আনাচকানাচ থেকে আসা হাজার হাজার খুদে ক্রীড়াবিদদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই আগামী দিনের সেরা চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি এবং ক্রিকেটার ও টেনিস খেলোয়াড়ের মতো গুণী ব্যক্তিত্ব বেরিয়ে আসবে। যারা দেশকে সামনের দিকে এগিয়ে নেবে, তাদের কখনো নিজেদের ছোট ভাবা উচিত নয়।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সময় পড়াশোনা এবং খেলার সময় মন দিয়ে খেলার পরামর্শ দেন। এ সময় তিনি গ্যালারিতে উপস্থিত হাজার হাজার কিশোর-কিশোরীর কাছে ‘বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে?’ জানতে চাইলে উপস্থিত সবাই একযোগে হাত তুলে সম্মতি জানায়।

"আজকের এই নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট থেকে আমি তোমাদের কাছে একটি অঙ্গীকার নিতে চাই—তোমরা যদি নিজেদের গড়ে তোলো, তবেই আমরা একযোগে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।"

দেশের শিক্ষা খাতের নানা সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বহু স্কুলে এখনো প্রয়োজনীয় সুব্যবস্থা নেই, অনেক শ্রেণিকক্ষে ফ্যানও ঠিকমতো ঘোরে না। তবে এসব সমস্যা দূর করে বিদ্যালয়গুলোকে ধাপে ধাপে উন্নত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়ালেখা, গান, ছবি আঁকা কিংবা খেলাধুলা যেকোনো গঠনমূলক কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শিশুদের সফলতার পেছনে নিরলস শ্রম দেওয়া অভিভাবক, শিক্ষক ও কোচদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আয়োজিত এই বিশেষ আয়োজনটিকে সংবাদমাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। উপস্থিত সব গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদমাধ্যমে নানা বিষয়ই ‘লিড নিউজ’ হিসেবে গুরুত্ব পায়। তবে গ্যালারিতে বসে থাকা এই শিশুরাই যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ, তাই তাদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসবের খবরটিকে আগামীকালের পত্রিকা ও সম্প্রচারমাধ্যমে ‘লিড নিউজ’ বা প্রধান খবর হিসেবে তুলে ধরার বিনীত অনুরোধ করেন তিনি।

নতুন প্রজন্মের কাছে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশের আলো-বাতাস আমাদের সবার। তাই রাস্তায় বা জলাশয়ে কাউকে প্লাস্টিকের বোতল বা ময়লা ফেলতে দেখলে শিশুদেরই উচিত তাদের বারণ করা এবং প্রয়োজনে নিজেরাই তা পরিষ্কার করা। পরিবেশ রক্ষায় প্রতিবছর বাড়ি বা স্কুলের আশপাশে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য তিনি প্রতিটি শিশুর প্রতি বিশেষ অনুরোধ জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুক ভরে বিশুদ্ধ শ্বাস নিতে পারে।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতায় অংশ নেয়। সোমবার সমাপনী দিনে ফুটবলের ফাইনালে বালকদের মধ্যে সিলেট অঞ্চল এবং বালিকাদের মধ্যে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

ডিজিএন/এনএস

banner
Link copied!