ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় যখন সুনিশ্চিত, ঠিক তখনই নির্বাচনের ফলাফল ঘোষণা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে জোটের অন্যতম প্রধান শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, অনেক আসনে তাদের প্রার্থীদের ‘রহস্যজনকভাবে’ হারিয়ে দেওয়া হয়েছে এবং ফলাফল তৈরির ধরনে চরম অস্বচ্ছতা ছিল।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলটির পক্ষ থেকে নির্বাচনের ফলাফল নিয়ে সরাসরি অনাস্থা জানানো হয়। পোস্টে বলা হয়, “নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন জামায়াতের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল লক্ষ্য করা গেছে, যা সাজানো বলে আমাদের মনে হয়েছে।”
জামায়াত অভিযোগ করেছে যে, নির্বাচনের দিন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যক্রমে অসঙ্গতি ছিল বলে দাবি করে দলটি। বিশেষ করে যেসব আসনে জামায়াত ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেখানে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব ও ‘টেম্পারিং’-এর সন্দেহ প্রকাশ করেছে দলটি।
এমন পরিস্থিতিতে জোটের (১১-দলীয় জোট) পক্ষ থেকে পরবর্তী কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা না আসা পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের ধৈর্য ধরার এবং শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই অবস্থান নির্বাচন-পরবর্তী নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :