ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Daily Global News

খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:১৩ পিএম

খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনা নগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিগুল আনাম রাশু (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশিগুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দৌলতপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "মোটরসাইকেলে আসা তিন জন দুর্বৃত্ত রাশুর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।"

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!