আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই তারিখ চূড়ান্ত করেছে। কমিশন জানিয়েছে, আজ বিকেলের মধ্যেই এই দুই আসনের নির্বাচনের বিস্তারিত তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ এই দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিয়মানুযায়ী একাধিক আসনে বিজয়ী প্রার্থীকে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। গত ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে কমিশনকে চিঠি দেন। এর ফলে বগুড়া-৬ আসনটি ওই তারিখ থেকেই শূন্য ঘোষণা করা হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। সেই অনুযায়ী স্থগিত হওয়া এই আসনে এখন নতুন করে ভোটগ্রহণ করা হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষিত হয়েছে (২টি আসন আদালতের আদেশে স্থগিত)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বর্তমানে সংসদে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে।
আগামী ৯ এপ্রিলের এই ভোট সংসদীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তন না আনলেও স্থানীয় পর্যায়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে বড় দুই জোটের জন্যই এটি একটি চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :