ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Daily Global News

শাহবাগে ছাত্রদল-শিবির রণক্ষেত্র: জাইমা রহমানকে কটূক্তির জেরে উত্তপ্ত রাজপথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৪১ পিএম

শাহবাগে ছাত্রদল-শিবির রণক্ষেত্র: জাইমা রহমানকে কটূক্তির জেরে উত্তপ্ত রাজপথ

রাজধানীর শাহবাগ এলাকায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উত্তেজনা রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থায়ী হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে শাহবাগ থানা ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মো মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাইমা রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ব্যবহার করে তৈরি করা একটি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ ওঠে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ আল মাহমুদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী ছিলেন। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ থানায় মামলা করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

অন্যদিকে, অভিযুক্ত শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তাঁর নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে জিডি করতে তিনিও তাঁর সহযোগীদের নিয়ে থানায় পৌঁছান। থানায় দুই পক্ষ মুখোমুখি হলে চরম কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। শিবিরের অভিযোগ, ছাত্রদলের কর্মীরা থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালিয়েছে।

রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছাত্রদলের শত শত নেতাকর্মী থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি। পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!