ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
Daily Global News

দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা: বাংলাদেশিসহ আহত ৪

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:৫০ পিএম

দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা: বাংলাদেশিসহ আহত ৪

মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার সরাসরি আঘাত হানল বিশ্বের অন্যতম ব্যস্ততম আকাশপথ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার (১১ মার্চ) ইরান সমর্থিত বাহিনীর ছোড়া দুটি ড্রোন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। এই হামলায় এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার দুটি ড্রোন দুবাই বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।

এসময় ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা আন্তর্জাতিক যাত্রী ও এয়ারলাইন্সগুলোর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে উঠেছে। এমিরেটস ও ইতিহাদের মতো বড় এয়ারলাইন্সগুলো এখনও পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কাতারসহ অধিকাংশ প্রতিবেশী দেশের আকাশপথ বর্তমানে বন্ধ রয়েছে। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও লাফিয়ে বাড়ছে।

দুবাই বিমানবন্দরে হামলার রেশ কাটতে না কাটতেই নতুন হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিবাদে তারা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘোষণা দিয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি সতর্ক করে বলেছেন, “শত্রুরা এমন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের তাদের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত করতে বাধ্য করছে।” তিনি সাধারণ মানুষকে এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য যে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। এই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা পুরো অঞ্চলের বিমান চলাচল এবং অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে।

সূত্র: রয়টার্স, এএফপি

ডিজিএন/এফএ

banner
Link copied!