ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৩১ পিএম

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১

রাজশাহীর চারঘাট উপজেলায় ইসলামী জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এরশাদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিপাইপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ইসলামী জলসা আয়োজনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এক পক্ষ স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়।

অন্যদিকে, অপর পক্ষ স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানায়। এই নিয়ে আনোয়ার হোসেনের সমর্থক সাইদুর রহমান এবং এমপি চাঁদের সমর্থক এরশাদ আলীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

দিনের সেই রেশ ধরে রাতে তারাবির নামাজ শেষে এরশাদ আলী যখন বাড়ি ফিরছিলেন, তখন ওত পেতে থাকা সাইদুর রহমান ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এলোপাথাড়ি পিটুনিতে ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!