ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তীব্র বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়। এরপর মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় জোনের অন্যান্য শীর্ষনেতৃবৃন্দ। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিগত আমলের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকায় বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জোটের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগর মোড়ে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ সারির রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
এছাড়া, একই দাবিতে আগামী ৪ জুলাই (শনিবার) দেশের সবকটি জেলা শহরে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এই জোট। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :