মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্র। এর সরাসরি প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের দৈনিক ভাড়া সর্বকালের সব রেকর্ড ভেঙে ৪ লক্ষ ডলার ছাড়িয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ আজ মঙ্গলবার (৩ মার্চ) এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে যখন আমেরিকা ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখন ট্যাংকারের যে ভাড়া ছিল, বর্তমান পরিস্থিতি তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত শনিবার খামেনি নিহত হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে যাওয়ায় বীমা ও নিরাপত্তা ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে, যার প্রভাব পড়েছে ভাড়ার ওপর।
বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) পরিবাহিত হয় ইরানের দক্ষিণের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে। বর্তমানে ইরান এই পথে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করায় ভিয়েলসিসি বা বৃহত্তম তেলবাহী জাহাজগুলো চলাচলে হিমশিম খাচ্ছে। একেকটি জাহাজ প্রায় ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে, যা এখন চরম ঝুঁকির মুখে।
বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীন এই ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবহন খরচ বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কয়েক দফা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা পরোক্ষভাবে বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতেও মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :