ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Daily Global News

‘শত্রুদের জন্য বন্ধ হরমুজ’: তিনটি জাহাজকে ফিরিয়ে দিল ইরান

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:১৯ পিএম

‘শত্রুদের জন্য বন্ধ হরমুজ’: তিনটি জাহাজকে ফিরিয়ে দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনটি কন্টেইনার জাহাজকে সতর্কবার্তা দিয়ে ফিরিয়ে দিয়েছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) সকালে এই ঘটনা ঘটে বলে বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত করিডোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি’র নৌবাহিনীর কঠোর সতর্কবার্তার পর জাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে আসা যেকোনো জাহাজের যাতায়াত এই রুট দিয়ে কঠোরভাবে নিষিদ্ধ।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, ইরান বর্তমানে কেবল বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ রক্ষা করছে। অনুমোদিত দেশ- চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত।

আরাঘচি বলেন, “প্রণালীটি সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং এটি আমাদের শত্রুদের জন্য বন্ধ।”

বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুটটি ইরানের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে। মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিলেও পশ্চিমা দেশগুলোর জন্য এই পথ বন্ধ রাখায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের সৃষ্টি হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!