সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই বিভ্রান্তি নিরসন করেন। তিনি স্পষ্ট করেছেন যে, সংগঠনটি এখন পর্যন্ত এ ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এর আগে আজ দুপুরে একটি কথিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করা হয়েছিল যে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা নিজেরাই রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে হেলাল উদ্দিনের বক্তব্যে বিষয়টি এখন ভিন্ন মোড় নিয়েছে।
ভিডিও বার্তায় হেলাল উদ্দিন বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কে বা কারা দোকান বন্ধের একটি স্বঘোষিত সিদ্ধান্ত প্রচার করছে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও ওই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। যারা এটি প্রচার করছে, তারা সংগঠনের মূল ধারার কেউ নয়।”
উল্লেখ্য, এর আগে গণমাধ্যমে আসা ওই বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলাম মাহমুদ ও আরিফুল ইসলাম টিপু নামের দুই ব্যক্তির স্বাক্ষর ছিল, যা নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের ভূমিকা কী হবে, তা নির্ধারণে আগামী ৪ এপ্রিল (শনিবার) দুপুরে একটি উচ্চপর্যায়ের সভা ডাকা হয়েছে। হেলাল উদ্দিন জানান, জ্বালানি মন্ত্রীর ডাকা ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, “সারা দেশের জেলা সমিতিগুলোর প্রতিনিধিরা এই সভায় যোগ দিতে ঢাকায় আসছেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, সে বিষয়ে সবার সাথে আলোচনা করেই ওই দিন একটি সম্মিলিত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।”
সভাপতি হেলাল উদ্দিনের এই বক্তব্যের পর সাধারণ দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রমজান পরবর্তী এই সময়ে হঠাৎ দোকান বন্ধের খবরে অনেকেই ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছিলেন।
তবে দেশে যে তীব্র জ্বালানি সংকট চলছে, তা স্বীকার করেছেন হেলাল উদ্দিনও। তিনি বলেন, “সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে এবং আমরা এর বাইরে নই। আমরা অবশ্যই সরকারকে সহযোগিতা করতে চাই, তবে তা হবে আলোচনার ভিত্তিতে এবং সুশৃঙ্খলভাবে।”
আগামী ৪ এপ্রিলের সভার পরেই জানা যাবে আসলে দোকানপাটের সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে কি না। ততক্ষণ পর্যন্ত বর্তমান নিয়মেই ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে নিশ্চিত করেছে মূল সংগঠনটি।


আপনার মতামত লিখুন :