মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতার মধ্যেই সুখবর দিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের পথে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’। গত ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা করা জাহাজটি বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। বুধবার এটি চট্টগ্রামের বহির্নোঙরে ভিড়লে দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে।
একই দিনে মালয়েশিয়া থেকে আরও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে আসছে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই ফার্নেস অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, জ্বালানি সংকটের চাপে থাকা বন্দর নগরীতে ইতোমধ্যে পৌঁছেছে আরও দুটি গুরুত্বপূর্ণ জাহাজ। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে এসেছে জাহাজ ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে জাহাজ দুটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে এবং কাজ শেষে বুধবার এগুলো বন্দর ত্যাগ করবে।
বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশ ও নৌপথে চরম অনিশ্চয়তা থাকলেও বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখা হয়েছে। এই নতুন চালানগুলো পৌঁছালে বাজারে অকটেন ও ফার্নেস অয়েলের সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং চলমান সংকট অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :