দেশের চলমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নতুন রুটিন ঘোষণা করেন।
মন্ত্রী জানান, এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিনই ক্লাসের আওতায় থাকবে, তবে তার অর্ধেক সময় হবে সশরীরে এবং বাকি অর্ধেক অনলাইনে। নতুন সূচি অনুযায়ী: অফলাইন (স্কুলে উপস্থিতি): শনিবার, সোমবার ও বুধবার। অনলাইন ক্লাস: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
মন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো স্থবিরতা না আসে, সে লক্ষ্যেই এই ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালু করা হয়েছে। ঢাকার পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাসের সফলতার ওপর ভিত্তি করে এটি সারাদেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।" এছাড়া শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে ৬০ হাজার শিক্ষক নিয়োগের যে শূন্যপদ রয়েছে, তা দ্রুত পূরণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিজিটাল কনটেন্ট এবং প্ল্যাটফর্মের বিস্তারিত নির্দেশনা স্কুলগুলো থেকে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে। তবে যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ বা ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :