টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবার এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই মিমির সঙ্গে এমন আচরণে ওপার বাংলার সাংস্কৃতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়।
জানা গেছে, বনগাঁয় আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি। ভক্তদের অতি-উৎসাহ এবং আয়োজকদের অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে ভিড়ের মধ্যে মিমিকে শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের ব্যবহারের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত ও অপমানজনক একটি অভিজ্ঞতা।’
দর্শকদের একাংশের আচরণ নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ মিমি আরও বলেন, ‘বর্তমানে দর্শকরা মনে হয় ধরে নিয়েছেন যে, মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা তাঁদের ব্যক্তিগত সম্পত্তি! এই ধরনের মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।’
উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের আপত্তিকর আচরণের শিকার হয়েছিলেন। পশ্চিমবঙ্গে একের পর এক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় সেখানকার সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ডিজিএন


আপনার মতামত লিখুন :