আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সর্বোচ্চ সচেতন থাকার এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, মরণঘাতী ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে প্রতি সপ্তাহে সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। তিনি প্রতিটি এলাকার সংসদ সদস্যসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সাথে নিয়ে নিজ নিজ এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর বা প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।” তিনি উল্লেখ করেন যে, বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদদের মতে এডিস মশার কামড় থেকেই মানুষ এসব রোগে আক্রান্ত হয়, তাই প্রতিকারমূলক পদক্ষেপ আগে থেকেই নেওয়া জরুরি।
বর্ষাকালে পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করেছেন: ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাসার ছাদে কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমতে দেবেন না। বাড়ির পানির ট্যাংক সবসময় ঢেকে রাখুন। ড্রেন, ডোবা ও নর্দমার পচা পানি নিয়মিত পরিষ্কার রাখুন। প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের বাড়ি এবং এর আশেপাশের এলাকা পরিষ্কার করুন।
জনস্বাস্থ্যবিদদের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এখন এটি কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে। তাই সারা বছরই সতর্ক থাকা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন বর্ষা মৌসুমে মরণঘাতী এই জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। তিনি বলেন, “নিজের বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখুন। নিজে রক্ষা পান, অন্যকেও রক্ষা করুন।”


আপনার মতামত লিখুন :