ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Daily Global News

‘অস্তিত্ব রক্ষার’ ভোট: পশ্চিমবঙ্গে ভাঙল সব রেকর্ড, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:০৬ পিএম

‘অস্তিত্ব রক্ষার’ ভোট: পশ্চিমবঙ্গে ভাঙল সব রেকর্ড, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে এক অভাবনীয় প্রেক্ষাপটে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেখানে ৮০ শতাংশ ভোট পড়েছিল, সেখানে এবার সেই হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর (৯৩.১২ শতাংশ) ও কোচবিহারের (৯২ শতাংশ) মতো জেলাগুলোতে ভোটের হার সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় বা ‘এসআইআর’ আতঙ্কই মানুষকে এভাবে বুথমুখী করেছে।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সংঘাত: ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সাতশোরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে অন্তত ১০০টি অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর (সিআরপিএফ) বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে তিন নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সোনামুখীতেও বাহিনীর বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ করেছে তৃণমূল। যদিও কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

এসআইআর আতঙ্ক ও পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তন: নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এবার ভোটাররা কোনো ঝুঁকি নিতে চাননি। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলোতে, যেখানে এসআইআর প্রক্রিয়ায় সবথেকে বেশি নাম বাদ পড়েছিল, সেখানে ভোটের হার ছিল চোখে পড়ার মতো। সামশেরগঞ্জ আসনে বিকেল ৩টাতেই ৮৭.৫৩ শতাংশ ভোট পড়ে যায়।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, "বহু মানুষ ভিন রাজ্য থেকে শুধু ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছেন। মানুষ ভোটার স্লিপের ফটোকপি করে রাখছেন যাতে পরবর্তীতে প্রমাণ দেওয়া যায় যে তারা ভোট দিয়েছেন।"

হেভিওয়েট প্রার্থীদের লড়াই ও বিশৃঙ্খলা: নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল আসনে ভোট হয়েছে কড়া নিরাপত্তায়। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজের ভোট দিয়ে জয়ের আশা ব্যক্ত করেছেন। তবে অন্যান্য জায়গায় বিজেপি প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার এবং আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম নেতা মহম্মদ সেলিম এই বিশৃঙ্খলার জন্য নির্বাচন কমিশনের ‘অযোগ্যতা’কে দায়ী করেছেন।

মীর জাফরের বংশধরদের ভোটবঞ্চিত হওয়ার আক্ষেপ: মুর্শিদাবাদে এক অদ্ভুত ঘটনা নজরে এসেছে। ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত মীর জাফরের বংশধর সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জাসহ তাঁর পরিবারের দেড়শোরও বেশি সদস্য এবার ভোট দিতে পারেননি। তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নবাব পরিবার। সূত্র: বিবিসি

ডিজিএন/এনএস

banner
Link copied!