জ্বালানি তেলের বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য কমানোর ঘোষণা দিয়েছে চীন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তেলের আকাশচুম্বী দামের মধ্যে এটাই প্রথম মূল্যহ্রাসের ঘটনা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, চীনে প্রতি মেট্রিক টন পেট্রোলের দাম কমেছে ৫৫৫ ইউয়ান (প্রায় ৮১.৪৪ ডলার) এবং ডিজেলের দাম কমেছে ৫৩০ ইউয়ান। এর ফলে সাধারণ গাড়ি চালকদের জন্য বড় স্বস্তি আসছে। বিশ্লেষকরা জানিয়েছেন, একজন চালক যদি ৫০ লিটারের একটি তেলের ট্যাংক পূর্ণ করেন, তবে তাঁর আগের চেয়ে প্রায় ৩.২৩ ডলার সাশ্রয় হবে।
চীন সাধারণত প্রতি ১০ কর্মদিবস অন্তর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ওপর ভিত্তি করে দেশে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর তেলের দাম হু হু করে বাড়তে শুরু করলে চীন সরকার অন্তত তিনবার দাম বাড়িয়েছিল। তবে সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম শিখর থেকে কিছুটা নিচে নামায় এই প্রথম দাম কমানোর সিদ্ধান্ত নিলো বেইজিং।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় এবং হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মাঝেও তেলের বিশ্ববাজারে এক ধরণের সাময়িক স্থিতিশীলতা দেখা দিয়েছে। এছাড়া উচ্চমূল্যের কারণে চীনের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির চাহিদা কমে আসছিল এবং রিফাইনারিগুলোতে তেলের মজুদ বেড়ে গিয়েছিল। এই মজুদ কমাতেই মূলত পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমানোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :