ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

ককরোচ জনতা পার্টির‍‍` নতুন কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

ককরোচ জনতা পার্টির‍‍` নতুন কর্মসূচি ঘোষণা

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সফল আন্দোলনের পর এবার দেশব্যাপী ‘ক্যায়া বোলতি পাবলিক’ শীর্ষক ব্যাপক জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

বৃহস্পতিবার নিজের শহর ছত্রপতি সম্ভাজীনগরে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

গত জুন-জুলাইয়ে দলটির তীব্র আন্দোলনের মুখেই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নতুন এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে মানুষের দৈনন্দিন সমস্যাগুলো গভীরভাবে বোঝার কথা জানিয়েছেন দীপকে।

তিনি জানান, তাদের এই প্রচার অভিযানে সবার আগে অগ্রাধিকার পাবে শিক্ষা। স্কুল, কলেজ ও কোচিংয়ের লাগামহীন বেতন বৃদ্ধির কারণে সাধারণ পরিবারের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যে চরম কঠিন হয়ে পড়েছে, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শিক্ষার পাশাপাশি দেশের বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের ক্ষোভ ও আস্থার সংকটের কথাও জোরালোভাবে তুলে ধরেন সিজেপি প্রতিষ্ঠাতা।

তার অভিযোগ, সাধারণ মানুষ এক দলকে ভোট দিলেও জনপ্রতিনিধিরা ইডি-সিবিআইয়ের চাপে বা স্বার্থের টানে রাতারাতি দল পাল্টে অন্য সরকার গঠন করছেন, যা গণতন্ত্রের জন্য চরম অশনিসংকেত।

তিনি আরও বলেন, আগে ভোটাররা সরকার বেছে নিলেও এখন সরকারই ঠিক করছে কে ভোট দেবে। এমনকি প্রভাবশালীদের জন্য মধ্যরাতে আদালতের দরজা খোলা হলেও সাধারণ মানুষের মামলার শুনানি বারবার বিলম্বিত হচ্ছে।

এদিকে, ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সিজেপি। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতেই আগামী দিনে দলের বিস্তৃত এজেন্ডা নির্ধারণ করতে দলটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল শিগগিরই রাঁচি সফর করে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন নেতারা।

ডিজিএন/এনএস

banner
Link copied!