ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৮:৫৯ পিএম

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে কোনোভাবেই ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। রোববার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি ট্রাম্পের এই প্রস্তাবনা প্রত্যাখ্যানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে গত মাসে হামাস গাজা নিরস্ত্রীকরণ পরিকল্পনা মেনে নেওয়ার ইঙ্গিত দিলে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের পক্ষ থেকে কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলকে গাজায় সব ধরনের আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের বাহিনী প্রত্যাহার করে নিতে হবে; তবেই কেবল তারা নিজেদের ভারী অস্ত্র হস্তান্তর করবে।

হামাসের এই শর্তের জবাবে নেতানিয়াহু নিজের অনড় অবস্থানের কথা তুলে ধরে বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে তাদের সমস্ত অস্ত্র ত্যাগ করতে হবে। এটি কোনো কাল্পনিক বা লোকদেখানো নিরস্ত্রীকরণ হতে পারে না। সংকট সমাধানে সামনে কীভাবে এগোনো যায়, তা নিয়ে বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের আলোচনা চলছে বলেও জানান তিনি।

এদিকে, আর মাত্র কয়েক মাস পরেই ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন জটিল রাজনৈতিক সমীকরণের মুখে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসকে বিন্দুমাত্র ছাড় দেবেন, এমন সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!