ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে, ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১২:১৮ পিএম

কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে, ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

পশ্চিম কানাডায় দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের জেরে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় সরকার। ‘বাল্ড রেঞ্জ’ নামের এই প্রলয়ংকরী দাবানল শুক্রবার প্রথম শনাক্ত হওয়ার পর অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সামারল্যান্ড, পিচল্যান্ডসহ আশপাশের প্রায় ১৩৬ বর্গকিলোমিটারের বেশি এলাকা গ্রাস করেছে।

আগুনের লেলিহান শিখা এত উঁচুতে পৌঁছাচ্ছে যে, এর ফলে ওই এলাকায় বজ্রপাতের সৃষ্টি হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জীবন বাঁচাতে এরই মধ্যে এই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি আগুনের তীব্রতাকে একটি ‘বোমা বিস্ফোরণের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, বহু বাড়িঘর ও সম্পত্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আকস্মিক পরিস্থিতির অবনতি হওয়ায় আটকা পড়া অনেক মানুষকে জরুরি ভিত্তিতে উদ্ধার করতে হয়েছে। এই জরুরি অবস্থা জারির ফলে প্রাদেশিক সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ এবং অগ্নিনির্বাপণ কাজে অতিরিক্ত সম্পদ ব্যবহারের মতো বিশেষ ক্ষমতা প্রয়োগের সুযোগ পেয়েছে।

সামারল্যান্ডের মেয়র ডগ হোমস এই মহাবিপর্যয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব সামান্য সময়ের সতর্কবার্তার মধ্যেই আগুন এমন ভয়াবহ রূপ ধারণ করে যে তারা চোখের সামনে নিজেদের বাড়িঘর পুড়তে দেখেও কেবল প্রাণটুকু হাতে নিয়ে পালাতে বাধ্য হয়েছেন।

পুরো প্রদেশজুড়ে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ১২ হাজার মানুষের শহর সামারল্যান্ড এবং সাড়ে ৬ হাজার মানুষের এলাকা পিচল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ বিভিন্ন পরিচর্যা কেন্দ্র ও বৃদ্ধাশ্রম থেকে শত শত মানুষকে সরিয়ে নিচ্ছে।


মানুষের পাশাপাশি গৃহপালিত পশুরাও চরম হুমকির মুখে পড়েছে। ওকানাগান এলাকার অনেক খামারি দাবানলের হাত থেকে বাঁচাতে নিজেদের ঘোড়া ও অন্যান্য গবাদিপশুকে খোলা জায়গায় ছেড়ে দিচ্ছেন এবং শনাক্তকরণের জন্য তাদের গায়ে বিশেষ চিহ্ন এঁকে দিচ্ছেন।

উল্লেখ্য, এবারের গ্রীষ্মে কানাডাজুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে, যার বিষাক্ত ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও পৌঁছেছে এবং এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি পর্যন্ত দিয়েছেন। সূত্র: বিবিসি

ডিজিএন/এনএস

banner
Link copied!