ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৫৬ পিএম

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

দেশে বিদায়ী জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। মাসজুড়ে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের মাধ্যমে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার প্রায় ৩৭.৮৬ শতাংশই ছিল মোটরসাইকেল সংক্রান্ত।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ২৮ জন।

দুর্ঘটনায় পতিত যানবাহনের পরিসংখ্যানে দেখা গেছে: মোটরসাইকেল- ২৮.৪৬ শতাংশ (শীর্ষে), ট্রাক-পিকআপ ও লরি- ২৩.৬৪ শতাংশ, বাস, ১৪.৩৫ শতাংশ, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা- ১৩.৬৩ শতাংশ।

নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই অকাল মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন।

রেল ও নৌপথের চিত্র: সড়কের পাশাপাশি রেল ও নৌপথও ছিল অনিরাপদ। জানুয়ারিতে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৬ জন।

যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি এবং মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচলকে দায়ী করেছে। দুর্ঘটনা রোধে সংগঠনটি ১৪ দফা সুপারিশ পেশ করেছে, যার মধ্যে রয়েছে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, সিসি ক্যামেরায় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ।

ডিজিএন/এফএ

banner
Link copied!