ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Global News

সচিবালয়ে প্রধানমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’: সাতসকালে বিভিন্ন মন্ত্রণালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৫০ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’: সাতসকালে বিভিন্ন মন্ত্রণালয়ে তারেক রহমান

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসেই ভিন্ন এক আমেজ দেখা গেল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে অন্যদিনের মতো সরাসরি নিজ দপ্তরে না গিয়ে তিনি একে একে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন, যা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছিল এক বড় ‘সারপ্রাইজ’।

রবিবার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে সরাসরি ৬ নম্বর ভবনে যান। সেখানে তিনি বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন।

মন্ত্রণালয়গুলোর বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন সরকারপ্রধান। তিনি বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীকে হঠাৎ নিজের দপ্তরে দেখে অনেক কর্মকর্তা-কর্মচারীই অবাক হয়ে যান।

প্রায় এক ঘণ্টা সচিবালয়ের বিভিন্ন ভবন ও দপ্তর ঘুরে দেখার পর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের কৃষকদের জন্য প্রস্তাবিত ‘কৃষক কার্ড’-এর একটি ডেমো প্রদর্শনী ও বৈঠকে অংশ নেন। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি ভর্তুকি ও সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমান বেশিরভাগ সময় সচিবালয়ে অফিস করছেন। তাঁর নির্দেশে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যেখানে সঠিক সময়ে অফিসে আসা এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের এই ‘ঝটিকা সফর’ সেই নির্দেশনারই মাঠ পর্যায়ের তদারকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সচিবালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!