ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:১৩ এএম

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনা নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করার সময় মাসুম বিল্লাহ (৪৫) নামে এক শ্রমিক দল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে কেনাকাটা করছিলেন। এসময় হঠাৎ ৬-৭ জনের একটি সশস্ত্র দল তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাসুম বিল্লাহ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। তবে স্থানীয় সাহসী জনতা ও দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য ধাওয়া করে হামলাকারীদের একজনকে ধরে ফেলেন। আটককৃত ব্যক্তির নাম অশোক ঘোষ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবহন খাতের নেতৃত্ব বা পূর্বশত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিজিএন/এনএস

banner
Link copied!