কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কেন্দ্রীয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্ম নেওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদেরও একজন ছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।
চব্বিশের জুলাই আন্দোলনে সরকার পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। ৮৩ বছর বয়সী এই প্রবীণ নেতা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন ও ডিমেনশিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতা বাড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বছরের ৫ আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি মামলা ছিল। গত বছরের ১৪ আগস্ট পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকেই তিনি উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত হয়ে মীরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার ছেলে মাহবুব রহমান রুহেল। এই প্রবীণ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :