দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির মধ্যে ঈদুল আজহার উৎসব থাকায় স্থানীয়ভাবে কোনো শাখা যদি দু-একদিন পর আলোচনা সভা করতে চায়, তাতে কোনো বাধা থাকবে না।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ মে শাহাদাতবার্ষিকীর মূল দিনে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
ওই দিন বেলা ১১টায় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার জিয়ারতের সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রুহুল কবির রিজভী জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক আলোচনা সভা আয়োজন করবে এবং বিশেষ পোস্টার প্রকাশ করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একইভাবে দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :