ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
Daily Global News
বুধবার পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে

আরও ১ লাখ টন তেল নিয়ে আসছে ‘এমটি নিনেমিয়া’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১২:৩৮ পিএম

আরও ১ লাখ টন তেল নিয়ে আসছে ‘এমটি নিনেমিয়া’

জ্বালানি সংকটের স্বস্তির খবর নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে বাংলাদেশে আসছে আরও একটি বড় জাহাজ। এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের এই মাদার ভেসেলটি আগামীকাল বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তেল আমদানির দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ভূ-রাজনৈতিক সংকটের মাঝে দুই মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এল ‘এমটি নিনেমিয়া’। এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে সমান পরিমাণ (এক লাখ টন) অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসেছিল। এছাড়া গত মে মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ বাংলাদেশে এসেছিল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট ‍‍`হরমুজ প্রণালি‍‍` বন্ধ হয়ে গেলে বাংলাদেশে অপরিশোধিত তেল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।

টানা সরবরাহ ঘাটতির কারণে দেশে তীব্র ক্রুড অয়েল সংকট দেখা দেয়। এর ফলে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড’-এর পরিশোধন কার্যক্রম গত ১৪ এপ্রিল থেকে ‘প্রায় বন্ধ’ হয়ে পড়েছিল।

তবে মে মাসের শুরুতে ‘এমটি নিনেমিয়া’ প্রথমবার তেল নিয়ে আসার পর ইস্টার্ন রিফাইনারি আবারও পুরোদমে উৎপাদনে ফেরে। এবার নতুন করে এই এক লাখ টন তেল আসায় দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!