ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
Daily Global News

৩৭ বিলিয়ন ডলারের মাইলফলকে দেশের রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:২৫ পিএম

৩৭ বিলিয়ন ডলারের মাইলফলকে দেশের রিজার্ভ

দীর্ঘ প্রায় চার বছর পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর স্পর্শ করেছে। আজ সোমবার (২৯ জুন) দিন শেষে দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলারে। এর মাত্র কয়েকদিন আগে, গত বুধবার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে (৩২,৪৭৯.৮৮ মিলিয়ন ডলার)। ২০২৩ সালের জুন মাস থেকে আইএমএফের শর্তানুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এই পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ করে আসছে।

এর আগে, সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৪ সালের আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের সময় তা ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে। ওই সময়ে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ছিল মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০২১ সালের আগস্টে, যখন তা ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক পার করেছিল। তবে অর্থপাচার বৃদ্ধি ও বিভিন্ন অর্থনৈতিক সংকটের কারণে পরবর্তী সময়ে রিজার্ভ দ্রুত কমতে থাকে। একই সঙ্গে ডলারের দাম ৮৪ টাকা থেকে লাফিয়ে ১২০ টাকায় গিয়ে ঠেকে।

পরবর্তী সময়ে গত ১৪ জুন দাতা সংস্থা এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের ঋণ যুক্ত হওয়ার পর দেশের রিজার্ভ প্রথম ৩১ বিলিয়নের ঘর ছাড়ায়।

বৈদেশিক মুদ্রার বাজারে এই স্বস্তি ফেরার পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ধারাবাহিক উচ্চ প্রবাহ।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে গত ২৮ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে দেশে মোট ৩৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক ৫৩০ কোটি ডলার বা ১৭ দশমিক ৬২ শতাংশ বেশি। এর আগের অর্থবছরেও রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২৭ শতাংশ। প্রবাসীদের পাঠানো এই বাড়তি ডলারের সুবাদেই দেশের ডলার সংকটে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!