বিনোদন অঙ্গনের জনপ্রিয় দুই তারকা—চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাননি। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে তাঁদের আবেদন প্রত্যাখ্যান করেছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন এই দুই তারকা। সে অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে গ্রিন কার্ডের জন্য আবেদনও করেন তাঁরা। তবে আবেদন সংক্রান্ত কিছু জটিলতা, নথিপত্রে অসঙ্গতি এবং অতিরিক্ত তথ্যের ঘাটতির কারণে কর্তৃপক্ষ তাঁদের আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি।
শাহরিয়ার নাজিম জয় প্রায় এক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা করছিলেন। তিনি সেখানে বাসা ভাড়া নিয়ে চাকরিতেও যুক্ত হন এবং নাগরিকত্ব প্রক্রিয়া এগিয়ে নিতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি আপাতত দেশে ফিরে এসেছেন। অন্যদিকে মাহিয়া মাহি এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেলেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট নয়।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আগের মতো সহজ সুযোগ আর নেই কি না। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাহিয়া মাহি বা শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহারের কোনো প্রমাণিত অভিযোগ বা সরকারি ঘোষণা এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিয়ে, কাজ কিংবা বিশেষ পরিচয়ের মাধ্যমে গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রেও এখন আগের তুলনায় অনেক বেশি কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। সামান্য অসঙ্গতি বা তথ্যগত দুর্বলতাও আবেদন বাতিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া যে আরও কঠিন হয়ে উঠেছে, মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়ের ঘটনা সেটিরই ইঙ্গিত দিচ্ছে।
ডিজিএন


আপনার মতামত লিখুন :