ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়-এর হাত ধরে। দীর্ঘ ছয় দশক ধরে চলে আসা ডিএমকে-এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্য ভেঙে আজ রোববার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
চেন্নাইয়ের রাজভবনে স্থানীয় সময় সকাল ১০টার দিকে গভর্নর আর. ভি. আরলেকার বিজয়কে শপথবাক্য পাঠ করান। পরে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতা।
গত সপ্তাহে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, পরে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে ও অন্যান্য মিত্র দলের সমর্থনে সরকার গঠনের পথ নিশ্চিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু সরকার পরিবর্তন নয়; বরং তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতিতেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। ১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে বা এআইএডিএমকের বাইরে অন্য কোনো দল রাজ্যের ক্ষমতায় এলো।
শপথ নেওয়ার পরই বিজয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ ইউনিট গঠন।


আপনার মতামত লিখুন :