ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

শফিকুর রহমান ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:০০ পিএম

শফিকুর রহমান ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচনোত্তর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন ধারার গণতন্ত্র গড়ার লক্ষ্যে বিজয়ী দলগুলোর শীর্ষ নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার পৃথক দুই বার্তায় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর বীরত্বপূর্ণ নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, “মাত্র এক বছর আগে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে লড়ে ৬টিতে বিজয় এবং আরও কয়েকটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়া এক অসাধারণ অর্জন। এটি তরুণ প্রজন্মের স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।”

নাহিদ ইসলামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময়কার কর্মদক্ষতার প্রশংসা করে ড. ইউনূস আশা প্রকাশ করেন, এনসিপি সংসদে তরুণদের কণ্ঠস্বর হিসেবে জোরালো ভূমিকা রাখবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনের ফলাফলকে ‘শান্ত ও মর্যাদাপূর্ণভাবে’ গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ফলাফল ঘোষণার পর আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।”

সংসদে জামায়াত একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি এবং ভবিষ্যতে এই ঐক্য সুসংহত করতে আপনার ভূমিকা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।”

ডিজিএন/এনএস

banner
Link copied!